আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত মামলার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তদন্তে ব্যবহৃত মেডিকেল রিপোর্টে গুরুতর ভুল ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ম্যারাডোনার স্বাস্থ্য পরীক্ষার বদলে তার বাবা দিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করা হয়েছিল।

আর্জেন্টিনার স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান সুইস মেডিকেল এই ভুলের দায় স্বীকার করেছে। সোমবার এএফপিকে দেওয়া এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, দিয়েগো সালুসতিয়ানোর স্বাস্থ্য পরীক্ষার নথি ভুলবশত তার ছেলের পূর্ণ নাম ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র নামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে এই ভুল নথিই ম্যারাডোনার মৃত্যুর তদন্তে গঠিত চিকিৎসা কমিশনের কাছে পাঠানো হয়।

ম্যারাডোনার বাবাও ‘দিয়েগো’ নামেই পরিচিত ছিলেন এবং ২০১৫ সালে তিনি মারা যান, যা তার ছেলের মৃত্যুর পাঁচ বছর আগের ঘটনা।

গত সপ্তাহে মামলার সাত অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর একজন আইনজীবী নথিপত্রে এই গরমিল শনাক্ত করেন। এর ফলে বেরিয়ে আসে যে, ম্যারাডোনার কিডনির অবস্থা নিয়ে আদালতে দেওয়া গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ মতামতটি আসলে তার নিজের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে তৈরি হয়নি।

মামলার শেষ পর্যায়ে ম্যারাডোনার কিডনির স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। একজন কিডনি বিশেষজ্ঞ আদালতে বলেছিলেন, ম্যারাডোনার চিকিৎসকদের আরও আগেই কিডনির সমস্যাকে সতর্কসংকেত হিসেবে দেখা উচিত ছিল। এখন স্পষ্ট হলো, সেই বিশ্লেষণের ভিত্তিই ছিল একটি ভুল রিপোর্ট।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন কিংবদন্তি মারা যান। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এবং ফুসফুসে তরল জমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে যে, মৃত্যুর আগের দিনগুলোতে ম্যারাডোনাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হয়নি। তবে অভিযুক্ত সাত স্বাস্থ্যকর্মীই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মেডিকেল রিপোর্টে নতুন এই ভুল ধরা পড়ায় বিচারকাজ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। গত বছর একজন বিচারকের স্বার্থের সংঘাত নিয়ে বিতর্কের কারণে প্রথম বিচারপ্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর এটি আদালতের জন্য আরেকটি বিব্রতকর ঘটনা।

এপ্রিলে শুরু হওয়া নতুন বিচার বৃহস্পতিবার আবার শুরু হওয়ার কথা রয়েছে এবং মামলার কার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।