সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান উল্লেখ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে এ ধরনের পরিস্থিতিতে ‘নাটকীয়’ উন্নতি হয়েছে। তবে তিনি দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটার বিষয়টি অস্বীকার করেননি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী ও উপদেষ্টা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এরপর মন্ত্রী ও উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কোথাও কোথাও কনসার্ট বন্ধ হওয়া প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করেনি, এমনটা নয়। এর পেছনে হয়তো নিরাপত্তার বিষয়টি জড়িত ছিল। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে অনেক বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, “আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।”

এ সময় জাহেদ উর রহমান বলেন, “আমরা একমত সবাই, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন। অ্যাম আই রং? আমি যদি তুলনা করি, ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময় সিগনিফিকেন্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে। তবে দু–একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব ফারজানা মাহবুব এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।