দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, "সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। চলমান সংকটের প্রতি সরকারও সমব্যথী। তবে সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।"

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "ভালো অবস্থায় যেতে দুই বছরের মতো সময় লাগবে। তবে এর অর্থ এই নয় যে, বাকি সময়ে দেশের অবস্থা আগের সময়ের চেয়ে খারাপ থাকবে। আগের চেয়ে খারাপ অবস্থায় থাকব না।"

এদিকে অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের দুই বছরে স্থলভাগে গ্যাস খোঁজার চেষ্টা হয়নি। তবে তিনি জানান, সৌভাগ্যজনকভাবে ওই সময়ে তাদের মধ্যপ্রাচ্য সংকটে পড়তে হয়নি।