বগুড়ার শাজাহানপুরে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। জানা গেছে, আশিকুর রহমান একজন ছাত্র ছিলেন এবং সামিউল ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিচুতলা থেকে মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় রাস্তার ওপর দুই মরদেক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মরদেহ দুটি মহাসড়কের মাঝখানে পড়ে ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"