নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে সজিব (২৫) নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের দাবি, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল নামে এক ব্যক্তির সঙ্গে সজিবের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন মাস আগে মাইকেলকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর এই দ্বন্দ্ব আরও তীব্র হয়।

স্বজনদের অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মাইকেল ও তার ছেলে আকাশসহ ৭-৮ জন সজিবের পথরোধ করেন। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সজিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্বজনরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনা প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।"

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।