রংপুরের পীরগঞ্জে এক শিক্ষিকার কোলে থাকা চার বছর বয়সী শিশুর গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার মকিমপুর এলাকায় ফায়ার স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকা মোছা. শামীমা আক্তার মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গতকাল বিকেল পৌনে ৪টার দিকে তিন সহকর্মীর সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের পথরোধ করে।
এ সময় শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ছিনতাইকারীরা বলে, “কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।” এতে আতঙ্কিত হয়ে শামীমা আক্তার ও তাঁর সহকর্মীরা চিৎকার শুরু করেন।
শামীমা আক্তার জানান, দুর্বৃত্তরা একপর্যায়ে তাঁর গলা থেকে এক ভরি এক আনা ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। চেইনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শামীমা আক্তার ও তাঁর তিন সহকর্মী অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”