লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে মাঠের ভেতরে তারকাঁটার বেড়া থাকায় শিক্ষার্থীদের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠের একটি অংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘেরা, যা মাঠের স্বাভাবিক ব্যবহারকে বাধাগ্রস্ত করছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা কমিয়ে দিয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ২০০১ সালে ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে এওয়াজ-বদলের মাধ্যমে ১২ শতাংশ জমি নেওয়ার কথা ছিল। এছাড়া তিনি আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করতে সম্মতি দেন। এর বিনিময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে আব্দুল আলীর বাড়ির পাশে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ, ওই জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে তৎকালীন বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। প্রতিশ্রুত জমি না পাওয়ায় আব্দুল আলী তার মালিকানাধীন জমির অংশে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। এতে মাঠের আয়তন সংকুচিত হওয়ায় শিক্ষার্থীদের শারীরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অসাবধানতাবশত শিক্ষার্থীরা আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, "বিষয়টি নিয়ে শিগগিরই একটি মীমাংসা বৈঠক হওয়ার কথা রয়েছে।"

অভিযোগের বিষয়ে আব্দুল আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রূ মারমা বলেন, "বিষয়টি শুনেছি। খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"