মাদারীপুর সদর উপজেলায় তিনটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২৪ আগস্ট) রাতে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার নতুন বিসিক এলাকা সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে চালক ও আরোহীরা ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া পাঁচজন হলেন—সদর উপজেলার সুপ্তি (২৮), শিবচরের খাদিজা (২০), সদরের সাব্বির হোসেন (৪০), শিশু আয়মান (৮) এবং আফজাল খান (২৪)। এছাড়া জাহিদ খানসহ (২২) আরও তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, "দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"