উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে ডুবে গেছে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার। এই দুর্ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানির। জানা গেছে, চার দিন আগে ১৩ জন জেলে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাত্রা করেন। গতকাল বিকেলে প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর কাছাকাছি থাকা পাথরঘাটার অন্য একটি ট্রলারের জেলেরা পানিতে ভাসমান আট জেলেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের মাধ্যমেই ট্রলারডুবির খবর মালিকপক্ষের কাছে পৌঁছায়। নিখোঁজ পাঁচ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া আট জেলেকে উপকূলে নিয়ে আসা হচ্ছে।