সরকার মোহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এর আগে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক এই কূটনীতিক বর্তমানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে কর্মরত আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল মুহিতকে দুই বছরের চুক্তিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
আব্দুল মুহিত বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। নিউইয়র্কের পূর্বে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত হিসেবে তাঁর প্রথম নিয়োগ ছিল ডেনমার্কে।
পেশাদার কূটনীতিক হিসেবে আব্দুল মুহিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েত মিশনেও দায়িত্ব পালন করেছেন।
আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গতকালের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, আব্দুল মুহিতকে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাঁর ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।