কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী এক সচেতনতামূলক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। তিনি সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষকের স্বজন হারুনুর রশীদ মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন অধ্যক্ষ আব্দুল মালেক।

সমাবেশে উপস্থিত সাংবাদিক জাফর জানান, "বক্তব্য শুরু করার মাত্র তিন মিনিটের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ডায়াসের ওপর ঢলে পড়েন অধ্যক্ষ।"

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মঞ্চে শিক্ষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় সমাবেশস্থলে শোকের পরিবেশ তৈরি হয়। তবে মৃত্যুর সঠিক কারণ চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।