যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বর্তমানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের চুক্তিতে তাকে লন্ডনে হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের এই কর্মকর্তা তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে ডেনমার্কে প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

পেশাদার কূটনীতিক হিসেবে আব্দুল মুহিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে বাংলাদেশের মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আব্দুল মুহিতকে গ্রেড-১ মর্যাদায় এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, "তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখা হবে।"

শর্তানুযায়ী, নতুন দায়িত্বে যোগদানের পর তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখা নিষিদ্ধ। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।