বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামের একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, "সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।"
নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম। তাঁরা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, এফবি বরকত ট্রলারটি ১৩ জেলেকে নিয়ে গত শুক্রবার মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গিয়েছিল। সোমবার দুপুরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। দীর্ঘ সময় ভেসে থাকার পর আটজনকে উদ্ধার করা সম্ভব হয়। নিখোঁজ বাকি পাঁচজনকে উদ্ধারে এফবি জহুরা খাতুন নামের একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজের খবর পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।