আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে দেশের স্বর্ণের বাজারে। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
গত শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়িয়েছে। ওইদিন ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করা হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণেই নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে ২০ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।