বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ব্রাজিল জাতীয় দলকে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবে। এই লক্ষ্যে খুব শীঘ্রই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে এই তথ্য নিশ্চিত করেছে। ওই বৈঠকে প্রীতি ম্যাচের পাশাপাশি ভবিষ্যতে ব্রাজিলের ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

এর আগে রোববার দুপুর ১টায় ঢাকায় সিবিএফের একটি প্রতিনিধি দল পৌঁছায়। তারা সম্ভাব্য সফরের সুযোগ-সুবিধা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন। পাশাপাশি বেশ কয়েকটি আবাসিক হোটেলও ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দল দুটি স্টেডিয়ামের মাঠ ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য বলে মত দিয়েছে। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বহির্গমন গেটের নিরাপত্তাব্যবস্থাসহ কিছু ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে তারা জানিয়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মতে, এই কাজগুলো স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব।

সোমবার ভোররাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেছে সিবিএফের প্রতিনিধি দল। চলতি সপ্তাহের মধ্যেই তারা ঢাকা সফরের পর্যবেক্ষণ ও সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে জমা দেবেন।

জাতীয় স্টেডিয়াম সংস্কারে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বাফুফের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে প্রতিনিধি দল। এই ইতিবাচক মূল্যায়নকে মাঠ উন্নয়নের সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে বাফুফে। স্টেডিয়ামের বাকি অবকাঠামো আন্তর্জাতিক মানের করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

সফরের শেষ পর্যায়ে সিবিএফ প্রতিনিধি দল ও বাফুফে কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অবকাঠামো ও মাঠের উন্নয়ন, যৌথ কোচিং কর্মসূচি, ক্রীড়াবিজ্ঞান এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই ফেডারেশনের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ব্রাজিলের বিভিন্ন প্রীতি ম্যাচে বাংলাদেশি দর্শকদের উপস্থিতির কথা উল্লেখ করে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ব্রাজিল দল বাংলাদেশে এলে এখানকার সমর্থকদের কাছ থেকেও একই ভালোবাসা পাওয়ার আশা প্রকাশ করেছেন তারা।

বিভিন্ন গণমাধ্যমে ৫ অথবা ৬ অক্টোবর সম্ভাব্য ম্যাচের তারিখ উল্লেখ করা হলেও বাফুফের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট দিন জানানো হয়নি। বর্তমানে নিশ্চিত যে, ব্রাজিলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে বাফুফে। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করবে দুই ফেডারেশনের পরবর্তী আলোচনা ও সিবিএফের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।