জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার দৃষ্টান্ত তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কাঠামোয় ফিরে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের পরিচালনায় কোনো পরিকল্পনা নেই—এমনটাই প্রমাণিত হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির পলিসি ও রিসার্চ-বিষয়ক উপকমিটি।

সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ১৮০ দিন: পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন-অব্যবস্থাপনা, অদক্ষতা, পরিকল্পনাহীনতা’ নামের একটি পুস্তিকা পড়ে শোনান নাহিদ ইসলাম। পুস্তিকায় বলা হয়, ক্ষমতা গ্রহণের পরপরই ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকার ১৮০ দিনের জন্য তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছিল—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। তবে ছয় মাস পর তথ্য-উপাত্ত ও মাঠপর্যায়ের বাস্তবতায় এই তিনটি অগ্রাধিকারের ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়। দাবি করা হয়, জ্বালানিসংকটে কলকারখানা বন্ধ হচ্ছে এবং শ্রমিকেরা চাকরি হারাচ্ছেন, কৃষকদের উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে।

সরকারের মূল্যায়ন করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের নজিরবিহীন সংকট শিল্প উৎপাদন, কৃষি খাত ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে বিপর্যস্ত করেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, ব্যাংকিং খাতের লুটেরারা পুনরায় ফেরত আসছে, ভোগ্যপণ্য ও আমদানি বাজারে পুরোনো সিন্ডিকেট সক্রিয় হয়েছে এবং বিএনপি তাতে নতুন অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে—এমন মত দেন তিনি। পাঁচ মাস দুদকের নিষ্ক্রিয়তা এবং লুটেরা ও বাজার সিন্ডিকেটের প্রত্যাবর্তন একই সূত্রে গাঁথা বলে নাহিদ ইসলামের বক্তব্য।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংস্কার একে একে বাতিল হওয়ার কথা উল্লেখ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। এসবের মধ্যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ও রয়েছে বলে তিনি জানান। নাহিদ ইসলাম বলেন, এসবের জায়গায় আগের চেয়ে দুর্বল ও অকার্যকর আইন প্রণয়ন করা হচ্ছে। বহুল প্রচারিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারকে ছুড়ে ফেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় নির্লজ্জ দলীয়করণ ও স্বজনপ্রীতি ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। জুলাই গণহত্যার বিচার নিয়ে দৃশ্যমান অগ্রগতি নেই বলেও দাবি করেন নাহিদ ইসলাম। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার নির্ধারিত অগ্রাধিকার নীতিতে বিচার ও শহীদ পরিবার-আহত ব্যক্তিদের চিকিৎসা এবং পুনর্বাসন অনুপস্থিত।

এ সময় বিরোধী দল, মত ও সাংবাদিকদের ওপর সরকারদলীয় নেতা-কর্মীদের হামলা-মামলার ঘটনা অব্যাহতভাবে বাড়ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রশাসনের কর্মকর্তারাও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, হামলাকারীদের পরিবর্তে বহু ক্ষেত্রে হামলায় আহত ব্যক্তিদের আইনিভাবে হেনস্তা করা হচ্ছে এবং পুলিশকে আবার দলীয় বাহিনীতে পরিণত করা হচ্ছে। নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ ভঙ্গ করেছে।

পুস্তিকার বিভিন্ন অধ্যায়ে অর্থনৈতিক অব্যবস্থাপনা, জ্বালানিসংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-সংকটে উৎপাদন ব্যাহত হওয়া ও শ্রমিকদের চাকরির ঝুঁকি, বিদ্যুৎ-সংকট ও রেকর্ড লোডশেডিং, কৃষকদের হয়রানি ও সারের সংকট, অর্থনৈতিক অপশাসন, ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট, মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও লুটপাটের আয়োজন, অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ নীতি বাতিল, হাম মহামারিতে ব্যবস্থাপনাগত ব্যর্থতা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিকদের হয়রানি ও মামলা, গণভোটের গণরায় উপেক্ষা করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি এবং নতুন মোড়কে র‍্যাবসহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘প্রথম ১৮০ দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নেই দেশকে পরিচালনা করার। শুধু ক্ষমতায় বসেছেন এবং পুরোনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা ও নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন।’

তিনি আরও মন্তব্য করেন, সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য, বিশেষ করে এনসিপি গত ছয় মাসে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, আমরা খুবই দায়িত্বশীল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে। রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা, সেটা বিরোধী দল এনেছে। সরকার সেটার জবাব দিয়েছে আমাদের একজন ভাইয়ের চোখ কেড়ে নিয়ে। গাইবান্ধায় একজন মারা গিয়েছেন, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।’

তিনি বলেন, বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল—এমন প্রচারকে ‘সরকারের ব্যর্থতা ঢাকার প্রোপাগান্ডা’ হিসেবে দেখেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, তাঁরা দেশের মানুষকে প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন কোথায় সরকার ভুল করছে ও প্রতিশ্রুতির খেলাপ করছে। নীতিগতভাবে তা মানুষকে দেখানোর পাশাপাশি রাজনৈতিকভাবে সেটার প্রতিরোধ করা হবে বলেও তিনি জানান। সরকারের অবস্থান যদি আরও সেদিকেই যায়, তাহলে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পড়তে পারে—এমন আশঙ্কার কথাও বলেন তিনি।

আগামী কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, শিগগিরই ১১-দলীয় ঐক্যের লংমার্চ হবে পাঁচ থেকে ছয়টি বিভাগে। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশের মাধ্যমে সরকারের প্রতি বড় বার্তা দেওয়া হবে এবং প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা আসবে বলেও তিনি জানান। পাশাপাশি উপজেলা-জেলা পর্যায় ও মহানগরগুলোয় এনসিপির কর্মসূচি চলবে বলেও জানান নাহিদ ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট দিল্লিতে যে সংবাদ সম্মেলন করেছেন, সেটি ভারত সরকারের সহযোগিতা বা মদদ ছাড়া সম্ভব ছিল না বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগকে কার্যক্রম করতে দেওয়া, আবার একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা—এটা আসলে সম্ভব নয় এবং তা সাংঘর্ষিক ও দ্বিচারিতা।

দিল্লি আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দেবে না, শেখ হাসিনাকে সেখানে রাখবে না, বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের প্রতি ভারত সরকার শ্রদ্ধাশীল হবে, ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়া হবে—এসব বিষয়ে নিশ্চয়তা পেলে বিগত ১৫ বছরে ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, এ বছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে; বাংলাদেশ যাতে পানির ন্যায্য হিস্যা পায়, সীমান্তে পুশ-ইন যাতে না হয়, সীমান্ত হত্যা বন্ধ হয়—এমন বিষয়গুলোকে ভিত্তি করে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব।

নাহিদ ইসলাম বলেন, ‘এসব বিষয় শুরু হওয়ার আগে যেখানে শেখ হাসিনা রয়েছেন, সেই দিল্লিতে যদি আবার তারেক রহমান যান, তাহলে এটার আসলে অর্থ কী দাঁড়াবে? বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী কীভাবে দেখবে? আমরা মনে করি, এটা শুধু তারেক রহমানের বিষয় নয়, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বের জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না—এটাই বার্তা যাবে।’

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাত অনুষ্ঠান সঞ্চালনা করেন।