বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ্যতার ভিত্তিতে দলের নেতাকর্মীদের মূল্যায়ন করছেন বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, সম্প্রতি মাঠ পর্যায়ের অন্তত ১২ জন নেতাকে বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলা ও বিভাগীয় শহরের আধাসরকারি প্রতিষ্ঠানগুলোতেও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তৃণমূল পর্যায়ে সংগঠনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, "আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠন নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। দলের চেয়ারম্যান নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তাদেরকে পরামর্শ দিচ্ছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা থাকবে।"
সরকার ও দলের কর্মকাণ্ডের ভারসাম্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হয়েই দল সরকার গঠন করেছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টারা প্রত্যেকেই দলের সদস্য। তাই সরকারে কাজ করার পাশাপাশি দলের দায়িত্ব পালনে কোনো জটিলতা নেই। তিনি আরও বলেন, "সরকার গঠনের প্রথমদিকে দলীয় কর্মকাণ্ড একটু ধীর ছিল, কিন্তু এখন আবার পুরোদমে চলছে। প্রতি সপ্তাহেই দু-একদিন দলের চেয়ারম্যান তৃণমূলের সঙ্গে বসছেন ও মতবিনিময় করছেন। সেখান থেকে তিনি সাংগঠনিক নানা বিষয়ে অবগত হচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।"