বিএনপি সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার তিনটি প্রধান লক্ষ্য অর্জনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, "চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তারা ১৮০ দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল। সেখানে তারা তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়েছিল—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বলানি সরবরাহ। এই ছয় মাসে তিনটি বিষয়ে তারা নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।"
সরকারের ব্যবস্থাপনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, "সরকার তাদের ১৮০ দিন অতিবাহিত করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কী রকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কী রকম ছিল, ১৮০ দিন উপলক্ষে সরকার নিজেরা প্রেস ব্রিফিং করেছে। তারা একটা ই-বুক প্রকাশ করেছে। দেখেছি, তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি।"
দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তার মতে, চরম ব্যর্থতার মুখেও সরকার নিজেদের সফলতা দাবি করছে।