সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। রিজভী বলেন, “৩১ দফা সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছিলাম। ছয় মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ কৃষিঋণ মওকুফসহ অনেক কিছু ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।”

তৃণমূল পর্যায়ে সংগঠনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। দলের চেয়ারম্যান নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক ও পরামর্শ দিচ্ছেন। তিনি আরও বলেন, “অতীতের যে কোনো সময়ের চেয়ে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা থাকবে।”

সরকার ও দলের কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্যের বিষয়ে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হয়েই দল সরকার গঠন করেছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টারা প্রত্যেকেই দলের লোক। তাই সরকারে কাজ করার পাশাপাশি দলের দায়িত্ব পালনে কোনো জটিলতা নেই। তিনি জানান, সরকার গঠনের শুরুর দিকে দলীয় কর্মকাণ্ড কিছুটা ধীর থাকলেও এখন তা পুরোদমে চলছে। প্রতি সপ্তাহে দু-একদিন দলের চেয়ারম্যান তৃণমূলের সঙ্গে মতবিনিময় করছেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা দিচ্ছেন।

বিএনপিতে ‘হাইব্রিড ও সুবিধাবাদী’দের প্রবেশ নিয়ে নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে রিজভী বলেন, “একটি দল যখন দীর্ঘ সংগ্রামের পর ক্ষমতায় আসে, তখন সেখানে হাইব্রিডদের ভিড় জমে।” তারা যেন সুবিধা নিতে না পারে, সেজন্য আন্দোলনে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্ত ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “হাইব্রিডরা এসে দলের নাম ভাঙিয়ে যাতে কোনো অনৈতিক কাজে জড়াতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।” দল এ ব্যাপারে সতর্ক বলেও তিনি জানান।