২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তরুণ সমন্বয়কদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক থাকলেও ক্ষমতার কাছাকাছি এসে তারা নৈতিক স্খলনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি।
সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি দেশের প্রচলিত রাজনীতিতে ইতিবাচক ধারার চেয়ে আপসের নোংরা কৌশলে জড়িয়ে পড়েছে।
ড. নিলোফার মনি জানান, দেশের প্রবীণ রাজনৈতিক প্রজন্ম যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে তরুণদের হাত ধরে বড় ধরনের সংস্কার আসবে বলে সবাই আশা করেছিলেন। তবে এই তরুণ নেতাদের পারিবারিক বা জীবিকার কোনো পিছুটান না থাকা সত্ত্বেও ক্ষমতার মোহে সততার পথ থেকে বিচ্যুত হওয়া সবাইকে আশাহত করেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদাহরণ টেনে ড. মনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত সততাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, যার ফলে একজন জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া বেশি শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।"
তিনি মনে করেন, বর্তমান তরুণ রাজনৈতিক নেতাদেরও তেমন নির্লোভ ও সৎ হতে হবে। এছাড়া দেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জামায়াত ও এনসিপিসহ শক্তিশালী বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জানান তিনি। তবে সতর্ক করে বলেন, অনৈতিক আপস ও দ্বিমুখী নীতি গণতন্ত্রকে আরও দুর্বল করে দেয়।