চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে। তবে এই সময়ে দেশে কর্মরত ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগস্টের প্রথম ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের তালিকায় রয়েছে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক।
তালিকায় থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) এবং বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়া বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। বিদেশি ব্যাংকের মধ্যে আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ। উল্লেখ্য, চলতি মাসের ২০ ও ২২ আগস্ট—এই দুই দিনেই মোট ১১৭ মিলিয়ন ডলার এসেছে।
ব্যাংক খাতভেদে রেমিট্যান্সের হিসাব বিশ্লেষণে দেখা যায়, আগস্টের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ৭৬ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫১ কোটি ৭৪ লাখ ডলার। এছাড়া বেসরকারি খাতের আরও কিছু ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৪ লাখ ডলার রেমিট্যান্স।