বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
তথ্য অনুযায়ী, জুলাই মাসের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো, যার আর্থিক পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। তবে গত এক সপ্তাহে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে এবং লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে।
লেনদেনের পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত এই সেবা ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে।
এই সেবা সম্প্রসারণে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করা হচ্ছে, বাংলা কিউআরের এই দ্রুত প্রসার বাংলাদেশে আরও সুবিধাজনক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে এবং ডিজিটাল লেনদেন প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখবে।