ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হালান্ডের নতুন চেহারা দেখে প্রথমে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তার সাবেক কোচ পেপ গার্দিওলা। সাবেক শিষ্যের একসময়ের লম্বা সোনালি চুল উধাও। মাথার চুল একেবারে ছোট করে ফেলা হালান্ডকে দেখে হাসিতে ফেটে পড়েন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ। এরপর মজার ছলেই প্রকাশ করেন নিজের আফসোস, ‘ইশ, আমারও যদি এমন চুল থাকত!’

নতুন মৌসুম শুরুর আগে নিজের পরিচিত চেহারা বদলে ফেলেছেন হালান্ড। দীর্ঘদিন ধরে তার অন্যতম পরিচয় হয়ে ওঠা লম্বা চুল কেটে ছোট ছাঁট নিয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চেহারা প্রকাশ করে লিখেছেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’

চুল কাটার পুরো প্রক্রিয়া নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন হালান্ড। সেখানে নতুন চেহারা দেখিয়ে পরিচিত কয়েকজন ফুটবল ব্যক্তিত্বের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও ধারণ করেন তিনি। সেই তালিকায় ছিলেন গার্দিওলা, জ্লাতান ইব্রাহিমোভিচ ও জ্যাক গ্রিলিশ।

ভিডিও কলে গার্দিওলার সামনে প্রথমবার নতুন চেহারায় হাজির হন হালান্ড। স্প্যানিশ কোচ তখন টেলিভিশনে ফুটবল দেখছিলেন। হালান্ডকে দেখেই বিস্ময়ে মুখে হাত দেন তিনি, এরপর শুরু করেন হাসি।

গার্দিওলা বলেন, ‘অসম্ভব! তোমার চুল আছে, তুমি ভাগ্যবান। তোমার মতো চুল যদি আমারও থাকত!’

🤣 "Tienes suerte de tener pelo...me encantaría tenerlo". 💇‍♂️ ¡Así ha reaccionado Pep Guardiola al nuevo corte de pelo de Haaland! Vía Youtube: 'Erling'. pic.twitter.com/5ihCzuoDqv — El Chiringuito TV (@elchiringuitotv) August 23, 2026

🤣 "Tienes suerte de tener pelo...me encantaría tenerlo". 💇‍♂️ ¡Así ha reaccionado Pep Guardiola al nuevo corte de pelo de Haaland! Vía Youtube: 'Erling'. pic.twitter.com/5ihCzuoDqv

হালান্ড তখন জানতে চান, নতুন ছাঁটটি তার পছন্দ হয়েছে কি না। গার্দিওলা জানান, তার ভালোই লেগেছে। একই সঙ্গে সাবেক শিষ্যকে আশ্বস্ত করে বলেন, নিজের পছন্দ না হলে চিন্তার কিছু নেই, সময়ের সঙ্গে চুল আবার বড় হয়ে যাবে।

নতুন চেহারা দেখে অবশ্য সবাই গার্দিওলার মতো কোমল প্রতিক্রিয়া দেখাননি। সিটির সাবেক সতীর্থ গ্রিলিশ হালান্ডকে বলেন, তাকে এখন প্রায় ১০ বছরের শিশুর মতো দেখাচ্ছে। ইব্রাহিমোভিচও বিস্ময় লুকাতে পারেননি। অন্যদিকে ম্যানচেস্টার সিটির সমর্থক ও ওয়েসিস তারকা নোয়েল গ্যালাঘার নতুন ছাঁট দেখে হাসলেও পরিবর্তনটিকে স্বাগত জানান।

হালান্ডের জন্য এবারের মৌসুমটি এমনিতেই নতুন এক অধ্যায়। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর প্রথমবার গার্দিওলাকে ছাড়া কোনো মৌসুম শুরু করেছেন তিনি। গত মৌসুম শেষে গার্দিওলা দায়িত্ব ছাড়ার পর সিটির প্রধান কোচ হয়েছেন এনজো মারেস্কা।

বোর্নমাউথের বিপক্ষে সিটির প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই নতুন চেহারায় মাঠে নামেন হলান্ড। তবে গোল পাননি। শেষদিকে মার্ক গেহি ও ইয়োশকো গাভার্দিওলের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পায় সিটি। হলান্ডের চুল বদলে গেলেও নতুন মৌসুমে তার গোলের অভ্যাস বদলায় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।