চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৬৬)। তিনি একই ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটির পর আবদুল খালেক বাড়ি ফিরছিলেন। এ সময় শীতাতপনিয়ন্ত্রিত একটি বাস তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবসার বলেন, ‘বাসের ধাক্কায় নুরুল আবসার নামের এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধাক্কা দেওয়া বাসের পরিচয় শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।’