গাজীপুর মহানগরীর গাছা ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে এক স্বর্ণব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে দোকান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে কাজ শেষে নিজের দোকানেই ঘুমিয়ে পড়েন আবুল কালাম আজাদ। সাধারণত সকালে দোকান খুলে বেচাকেনা শুরু করলেও রোববার দুপুর গড়িয়ে গেলেও দোকানের শাটার বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। এতে আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দোকানের ভেতর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এটি চুরি-ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।