ভবন নির্মাণের ক্ষেত্রে আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নকশাবহির্ভূত নির্মাণ বন্ধের পাশাপাশি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল সংক্রান্ত বিধিমালার শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে চায় সরকার।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

সভায় মন্ত্রী বলেন, "দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে যেসব আইন, বিধি ও নীতিমালা রয়েছে, গত ১৭ বছরে সেগুলোর সঠিক বাস্তবায়ন ছিল না। ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ডেভেলপার কোম্পানি তা নির্মাণ করেনি। এখন থেকে আইনের সঠিক বাস্তবায়ন করা হবে। আইন ব্যত্যয় করে ভবন নির্মাণ ও আবাসন গড়ে তোলার সুযোগ আর থাকছে না। আগামীতে যেন কেউ অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে।"

রিহ্যাব ও ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও জানান, রাজউক ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকেও সুনির্দিষ্ট নীতিমালার অধীনে আনা হবে।

একই সভায় আবাসন খাত সংশ্লিষ্টদের গ্রাহকবান্ধব হওয়ার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, "গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অনেক মানুষ বছরের পর বছর আগে টাকা পরিশোধ করেও কাঙ্ক্ষিত ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না। আবার কেউ চুক্তি অনুযায়ী কিস্তি চালিয়ে যেতে না পারলে জমা টাকা ফেরত পেতে তিন-চার বছর লেগে যাচ্ছে। এসব বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।"

মতবিনিময় সভায় রিহ্যাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আইন ও বিধি মেনে ভবন নির্মাণে তাদের দৃঢ় অবস্থানের কথা জানান। পাশাপাশি ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালার বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন তারা।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মতিন এবং আবাসন খাতের প্রতিনিধি ড. আলী আফজাল, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, লিয়াকত আলী খাঁন মুকুল, ড. এম এ কাইয়ুম, মো. রায়হানুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী ও ইঞ্জিনিয়ার এ কে এম রেজউল করিম রেজাসহ উভয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।