গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশাচালক আতাউর রহমান হত্যা ও ছিনতাই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, হত্যার পর ছিনতাই করা অটোরিকশাটি ৪২ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেন অভিযুক্তরা। গ্রেপ্তারের পর অটোরিকশা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই এসব তথ্য জানায়। সংস্থাটি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগরিচালা এলাকার রাজ্জাক খানের ছেলে রাজীব খান (২৯), একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে নকিবুল হাসান (২৪) এবং অটোরিকশা কেনার অভিযোগে গ্রেপ্তার কিবরিয়া।
গত ২০ আগস্ট রাত ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকারবাড়ি-সংলগ্ন কাঁচা সড়কে অটোরিকশাচালক আতাউর রহমানকে (৫৫) হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। পরিবারের দাবি, তার মৃত্যুর শোক সইতে না পেরে মা জহুরা খাতুন (৭৫) পরবর্তীতে মারা যান।
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, নিহতের সঙ্গে আসামিদের পূর্বপরিচয় ও আত্মীয়তার সম্পর্ক ছিল। পরিকল্পনা অনুযায়ী তাকে ফোন করে একটি নির্জন কলাবাগানের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে রশি দিয়ে গলা চেপে ধরা হয় এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে নরসিংদীর হাতিরদিয়া এলাকায় পালিয়ে যায় তারা।
পরবর্তীতে অটোরিকশাটি পরিষ্কার করে কিবরিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রির অর্থ অভিযুক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে জানিয়েছে পিবিআই।
গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, "অপরাধীরা ধারণা করেছিল নির্জন স্থানে হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"