কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের সংকটে ক্ষুব্ধ কৃষকরা একটি ডিলার পয়েন্টের গুদামে হামলা চালিয়েছে। এসময় তারা গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি বা ১৯৭ বস্তা সার লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও তা কৃষকদের বিতরণে গড়িমসি করেন। তার মোট বরাদ্দ ছিল ১৩২০ বস্তা সারের মধ্যে গুদামে মজুত ছিল ৩৪০ বস্তা।
রোববার সকাল থেকে সারের দাবিতে ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও গুদাম না খোলায় কৃষকরা উত্তেজিত হয়ে দরজা ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও বরাদ্দ ছিল মাত্র ১৩২০ বস্তা এবং উত্তোলন ছিল আরও কম। সার না পাওয়ার শঙ্কা থেকেই কৃষকরা এই পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, "খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ১৯৭ বস্তা সার কৃষকরা নিয়ে গেছে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন ৩৩ বস্তা ফেরত দিয়ে গেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।"