সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া রোকাইয়া নূরের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তাহিরপুর উপজেলার বৌলাই নদের মাহতাবপুর এলাকায় পানিতে তার লাশ ভেসে ওঠে।

গত শুক্রবার বিকেলে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন বৌলাই নদের মাহতাবপুর এলাকায় চলন্ত হাউসবোট থেকে পড়ে যাওয়ার পর থেকে রোকাইয়া নিখোঁজ হয়। রোকাইয়া ফরিদপুর জেলা শহরের গোলচামট ২ নম্বর সড়ক এলাকার শাহনুর রহমানের মেয়ে।

গতকাল শনিবার দিনভর ফায়ার সার্ভিসের লোকজন তার সন্ধানে তল্লাশি চালান, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার সকালে নদের পানিতে তার লাশ ভেসে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনুর রহমানের পরিবারসহ ২০ জন পর্যটককে নিয়ে ‘সাফিনা লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোট শুক্রবার সকালে জেলার মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরে আসে। বিকেলে হাওর থেকে পর্যটকদের নিয়ে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয় হাউসবোটটি। পথে তাহিরপুর উপজেলার বৌলাই নদের মাহতাবপুর এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদে পড়ে যায় রোকাইয়া।

এরপর হাউসবোটে থাকা লোকজন এবং পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।

মধ্যনগর থেকে হাউসবোটটি প্রথমে টাঙ্গুয়ার হাওরে আসে—বলেন হাউসবোটে থাকা সাজ্জাদ হোসেন নামের এক পর্যটক। এরপর যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয়। পথে পরিবারের লোকজনের অগোচরে শিশুটি নদে পড়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।