সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে সরকার। নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এই কথা জানিয়েছেন।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং সংবাদমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে আবদুল মঈন খান বলেন, "বিএনপিকে ক্যান্টনমেন্টের দল বলা হয়। অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।"
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী স্পষ্টভাবে জানান, "বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে রকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না।"
দুর্নীতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে নবনিযুক্ত মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যাঁরা করবে, যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।