রাজধানীর বেশ কিছু বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার ঘটনাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এবং সরকারকে বিব্রত করার একটি চেষ্টা বলে মনে করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, একটি ইন্টারনেটভিত্তিক ভুয়া গ্রুপ এই ই-মেইলগুলো পাঠিয়েছে। ই-মেইলে উল্লিখিত বিকাশ নম্বরের মালিকদের মধ্যে তিন-চারজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কিছুই জানতেন না। প্রাথমিক তদন্তে পুলিশ তাদের নির্দোষ বলে নিশ্চিত হয়েছে।

ডিবিপ্রধান আরও জানান, তিন-চারটি বিদেশি দূতাবাসের পাশাপাশি কয়েকটি সরকারি দপ্তরেও একই ধরনের ই-মেইল পাঠানো হয়েছে। মূলত দেশের ভাবমূর্তি বিনষ্ট করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, "ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি এবং তার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রোগী দেখে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।