দীর্ঘ ২০ বছরের প্রবাসজীবন শেষে পরিবারের জন্য উপহার নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার মো. রাসেল মিয়া। তবে সেই স্বপ্ন অপূর্ণ রেখেই সৌদি আরবে আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কেনাকাটা করা মালামাল গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন রাসেল মিয়া। দ্রুত সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম রোববার (২৩ আগস্ট) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, রাসেল মিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদে কর্মরত ছিলেন। প্রায় সাত মাস আগে তিনি দেশে এসেছিলেন। এবার স্ত্রী ও সন্তানদের আগ্রহে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দের বিভিন্ন জিনিসপত্র কিনেছিলেন রাসেল। শনিবার দুপুরে সেই মালামাল গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের মৃত্যুর খবরে সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কুমিল্লার বানাশুয়া গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।