গাজীপুরের শ্রীপুর উপজেলায় জজ মিয়া নামের এক কৃষকদল নেতার অফিসে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ওই নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে আরএকে সিরামিক কারখানার সামনে অবস্থিত অফিসটিতে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জজ মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগী জজ মিয়া গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, "একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে লেজার লাইটে তাকে টার্গেট করে। এরপর তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে থাকা চালকসহ আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।"
তিনি আরও জানান, তার চিৎকার ও গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে অফিস থেকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও শ্রীপুর থানার ওসি শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, "গুলি ছোড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"