যশোর-মাগুরা মহাসড়কের শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকী নদীর ওপর ১৬ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে গত দুই বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। সেতুর মূল অবকাঠামো এবং উত্তর পাশের সংযোগ সড়কের কাজ শতভাগ সম্পন্ন হলেও দক্ষিণ পাশের জমি অধিগ্রহণের জটিলতায় ২৩৫ মিটার অ্যাপ্রোচ রোডের নির্মাণকাজ আটকে থাকায় এই ব্যয়বহুল অবকাঠামোটি কোনো কাজে আসছে না।
২০২২ সালের মার্চ মাসে নতুন এই সেতুর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৪ সালে মূল সেতু ও মাগুরা অংশের সংযোগ সড়কের কাজ শেষ হয়। সরেজমিনে দেখা গেছে, সেতুর উত্তর প্রান্ত সম্পূর্ণ প্রস্তুত থাকলেও দক্ষিণ প্রান্তে সরকারি জমির পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন জমি ও দোকানপাট থাকায় সংযোগ সড়কের কাজ থমকে আছে।
আড়পাড়া বাজারের মুদি ব্যবসায়ী অলোক রায় বলেন, "আমার দুই শতক জমি সেতুর মুখে পড়েছে। সরকার ন্যায্যমূল্য দিলে জমি অধিগ্রহণে আমার কোনো আপত্তি নেই।"
স্থানীয় বাসিন্দা মো. মশিয়ার মোল্যা জানান, পুরোনো সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন সেতু তৈরি হয়েও শুধু এক পাশের রাস্তার অভাবে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। স্থানীয়দের দাবি, প্রতিদিন হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।
এ বিষয়ে মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, "সেতুর মূল অবকাঠামো ও মাগুরা অংশের সংযোগ সড়ক প্রস্তুত রয়েছে। আড়পাড়া অংশের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।"