নেত্রকোনার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহেরা খাতুন (৬৫) নামের এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাতার বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত সাহেরা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জামাই সাহেদ বিশ্বাসকে (৪২) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে পুলিশ সাহেদ বিশ্বাস ছাড়াও তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭) এবং সাহেদের মা শাহেরা খাতুনকে (৫৫) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে সাহেদ বিশ্বাস শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই শাশুড়ি সাহেরা খাতুনের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চরম আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার রাতে জমি নিয়ে সাহেদের সঙ্গে সাহেরা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ ঘরে থাকা একটি কুড়াল দিয়ে সাহেরা খাতুনকে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"