মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের এক যৌথ টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।
রোববার এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব এবং জেলা প্রশাসনের একটি চৌকস আভিযানিক দল এই যৌথ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কসমেটিক্স ও ভারতীয় শাড়ি পাচারের উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশনে জমা করা হয়েছিল। ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক এবং শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। প্রাথমিক সিজার মূল্য অনুযায়ী জব্দকৃত মালামালের দাম প্রায় ৩ কোটি টাকা।
বর্তমানে জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা ও সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।