ফরিদপুর শহরে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট এক ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় তার নির্মাণাধীন চারতলা বাড়ির ছাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত বৃহস্পতিবার তিনি ফরিদপুরে নিজ বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আবীর হোসেনের নতুন বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫)। কাজ করার সময় একপর্যায়ে আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেন নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, "গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"