পটুয়াখালীর বাউফলে শিশুদের ডায়াপারে লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবাসহ তানিয়া বেগম (৩৩) ও সুমন মৃধা (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তানিয়া বেগম হলেন মাইনুল ইসলাম সুমনের স্ত্রী।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি মাইনুল ইসলাম সুমন পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযানের শুরুতে সুমন মৃধাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশিতে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাইনুল ইসলাম সুমনের ভাড়া বাসায় অভিযান চালানো হলে শিশুর ব্যবহৃত ডায়াপারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, "এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
পুলিশের তথ্যমতে, মাইনুল ইসলাম সুমন একজন চিহ্নিত মাদক কারবারি। প্রায় ছয় মাস আগেও ২৮০ পিস ইয়াবা ও নগদ লক্ষাধিক টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
অন্যদিকে, গ্রেপ্তার তানিয়া বেগমের পরিবারের দাবি, তিনি স্বামীর মাদক ব্যবসার বিষয়ে কিছু জানতেন না। বরং মাদকের বিরোধিতা করায় তাকে প্রায়ই মারধর করতেন সুমন। তানিয়াকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছে তার পরিবার।