বাগেরহাটের কচুয়ায় হাঁসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘাত-সংঘর্ষে রূপ নেয়।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও কাঠের ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে বেধড়ক মারধর করেন।
মারধরে মারাত্মক আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে বেদার মল্লিক ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে কাইয়ুমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিবারের আরও দুই সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হাঁস নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"