অসুস্থ স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন আকলিমা বেগম (২৬)। চিকিৎসকদের প্রচেষ্টায় অস্ত্রোপচার সফল হলেও শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্বামী দেলোয়ার হোসেন (৪২)।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রূপসা গ্রামের পাঠান বাড়িতে এই ঘটনা ঘটে। স্বামীর জন্য সর্বোচ্চ ত্যাগের পরও তাকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন দুই সন্তানের জননী আকলিমা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসফেরত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্ত্রী আকলিমা বেগম সানন্দে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন।

গত ১৪ আগস্ট ঢাকার শ্যামলী এলাকার সিকেডি হাসপাতালে আকলিমার শরীর থেকে কিডনি নিয়ে দেলোয়ারের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর দুই দিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তৃতীয় দিন থেকে ডায়াবেটিসসহ নানা জটিলতা দেখা দেয়। অবশেষে গত ১৮ আগস্ট ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেলোয়ার।

এই দম্পতির আফরিন জান্নান ইরা (১১) ও আশুরা জাহান ইভা (৪) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের সদস্যদের মতে, স্বামীর জীবন বাঁচানোই ছিল আকলিমার একমাত্র লক্ষ্য, কিন্তু নিয়তির পরিহাসে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

দেলোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, "আমার ভাইয়ের স্ত্রী নিজের কিডনি দিয়ে ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভাইয়ের মৃত্যুর খবর প্রথমে ওকে জানানো হয়নি। পরে জানতে পেরে সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং নিজেও অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ এই বোনটিকে বাঁচাতে আমরা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"

দেলোয়ারের বৃদ্ধা মা শামছুন্নাহার আহাজারি করে বলেন, "নিজের কিডনি দিয়েও ছেলেটাকে বাঁচাতে পারল না আকলিমা। এখন সে নিজেও অসুস্থ হয়ে শয্যাশায়ী। তার চিকিৎসা এবং এতিম দুটি শিশুর ভবিষ্যতের জন্য সবার সহযোগিতা চাই।"