সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে আগামী শুক্রবার নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। গতকাল রাতে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরে ‘তৌহিদি জনতার’ ব্যানারে কয়েকজন সামাজিক ব্যক্তিত্ব যোগাযোগমাধ্যমে লেখালেখি এবং সভার মাধ্যমে এই নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বিষয়টি মীমাংসার জন্য লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করেন।
সেই প্রেক্ষিতে গতকাল রাতে বারইগ্রাম বাজারে দেলওয়ার হোসেনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকাবাইচের আয়োজক এবং বাধা প্রদানকারী—উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত যথাসময়ে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে দেলওয়ার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "উভয় পক্ষকে নিয়ে ঘটনার সমাধান করা হয়েছে।"