পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে সজীব মোল্লা (২৭) নামের এক সেনাসদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের 'স্নিগ্ধা' ভবনের তিন তলার নিজ কক্ষে এই ঘটনা ঘটে।
নিহত সজীব মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি গত ৮-৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দায়িত্ব পালন শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে সহকর্মী ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ওই সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্ত ও ডেথ সার্টিফিকেটের জন্য মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।