রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে।"

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর এই পদে নির্বাচন অনুষ্ঠিত হলো। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন এই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। বিপুল ব্যবধানে জয়লাভের পরদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল।