‘প্রথমে পোড়া গন্ধ পাই। পরে আগুন দেখতে পাই। কিন্তু বাসের চালক বা চালকের সহকারী আমাদের কিছু জানাননি।’
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের ডাবল ডেকার এসি বাসে আগুন লাগার বর্ণনা দিতে গিয়ে এ কথা বলেন মো. রায়হান নামের এক যাত্রী।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকায় বাসটিতে আগুন লাগে।
আগুন ছড়িয়ে পড়ার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পর চালক ও তার সহকারী বাস থেকে নেমে চলে যান। পরে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। একই সঙ্গে বাসের ভেতর থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করা হয়।
বাসের যাত্রী রায়হান বলেন, ‘বাসটি করে ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা চালকের সহকারী আমাদের জানাননি। প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধারে এগিয়ে আসেন।’
আরেক যাত্রী মো. সোহেল রানা বলেন, ‘পরিবারের সাতজন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে আমাদের উদ্ধার করেন।’
রামু হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।