মাঠে রেফারির নজর এড়িয়ে গেলেও ক্যামেরায় ধরা পড়া ঘটনার পর শাস্তি পেলেন লিওনেল মেসি। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের মাথার পেছনে হাত দিয়ে আঘাত করার কারণে আর্জেন্টাইন তারকাকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ড্র ম্যাচে যোগ করা সময়ে এই ঘটনা ঘটে। মাঠের অন্য প্রান্তে খেলা চলাকালীন মাঝমাঠে কুইনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা পেছন থেকে কুইনের মাথা ও ঘাড়ের সংযোগস্থলে হাত দিয়ে আঘাত করেন।

ঘটনার পর দুজন মুখোমুখি তর্কে জড়ান। তবে রেফারি বিষয়টি লক্ষ্য না করায় মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এমএলএসের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এমএলএসের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, "প্রতিপক্ষের মুখ, মাথা অথবা ঘাড়ে হাত দেওয়া সংক্রান্ত লিগের নীতি ভেঙেছেন মেসি।"

এই নীতি লঙ্ঘনের কারণে তাকে জরিমানা করা হলেও অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। একই ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। তবে মেসির ওপর কোনো ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, ফলে পরবর্তী ম্যাচে খেলতে তার কোনো বাধা নেই।

ম্যাচের শেষ মুহূর্তে আরও কয়েকজন ফুটবলার সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। তবে ফিলাডেলফিয়ার আবেদনের ভিত্তিতে স্বাধীন পর্যালোচনা প্যানেল কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে। উল্লেখ্য, কাভান হলেন কুইনের ছোট ভাই।

বিতর্ক থাকলেও ম্যাচে ইন্টার মায়ামির দুই গোলেই অবদান ছিল মেসির। একটি গোল করার পাশাপাশি অন্যটিতে সহায়তা করেন তিনি। তবে শেষ পর্যন্ত জয় পায়নি তার দল।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা ২২ বছর বয়সী কুইন সুলিভান তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত। ফিলাডেলফিয়া ইউনিয়নের তথ্যমতে, তার নানি সুলতানা আলমের বাড়ি ছিল ঢাকায় এবং মা হাইকে ক্রিপেনডর্ফ বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত। বাংলাদেশি সংযোগের কারণে ফুটবলপ্রেমীদের মাঝে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।