ম্যাকেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় হয়ে মাত্র ১২ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে সফরকারী দল।
শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টস জিতে প্যাট কামিন্স বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে আউট করে শুরু করেন বাঁহাতি পেসার স্টার্ক। ফুল লেংথের বলে ব্যাটের বাইরের প্রান্ত ছুঁয়ে গেলে গালিতে ক্যামেরন গ্রিন নিচু ক্যাচ ধরেন। কোনো রান না করেই সাজমান ফিরে যান।
স্টার্কের তাণ্ডব আরও তীব্র হয় তার দ্বিতীয় ওভারে। ওভারের প্রথম বলে ডারউন টেস্টের শতকজয়ী তানজিদ হাসান তামিমকে তৃতীয় স্লিপে বিউ ওয়েবস্টারের ক্যাচ বানান তিনি। দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তানজিদ। পরের বলেই এলবিডব্লিউ হয়ে শূন্য রানেই বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও মুশফিকুর রহিম তা রুখে দেন।
উইকেট পতনের ধারা থামেনি এরপরও। স্টার্কের পরের ওভারেই ড্রাইভ করতে গিয়ে গালিতে গ্রিনের হাতে ধরা পড়েন মুমিনুল হক। ক্যাচটি মাটিতে লেগেছে কি না তা যাচাইয়ের পর ৯ রান করা মুমিনুলকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।
স্টার্কের পঞ্চম শিকার হন লিটন দাস। আগের বলে তৃতীয় স্লিপে সহজ ক্যাচ ছেড়েছিলেন ওয়েবস্টার। তবে পরের ডেলিভারিতে ভেতরে ঢোকা বলে লিটনকে এলবিডব্লিউ দেননি মাঠের আম্পায়ার। অস্ট্রেলিয়া রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলে যায়। পাঁচ বল খেলেও শূন্য রানেই ফিরে যান লিটন।
মাত্র ২২ বলে ৪ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন স্টার্ক। প্রথম ছয় ব্যাটারের মধ্যে শাদমান, তানজিদ, শান্ত ও লিটন শূন্য রানেই আউট হয়েছেন। ৬.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২ রান।
ডারউনে প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাকেতে জয় অথবা ড্র করতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে শান্তর দল। তবে সেই লড়াইয়ের শুরুতেই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্টার্ক।