ডারউনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ম্যাকেতে বাংলাদেশের বিপক্ষে বদলে যাওয়া মিচেল স্টার্ক। বল আরও সামনে ফেলা, বাউন্সারের ব্যবহার বাড়ানো এবং ক্যাচ না ছাড়া, এই তিন পরিকল্পনাতেই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ পর্যন্ত ৯ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট নেন স্টার্ক। তার তোপে ২৩ ওভারে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
লাঞ্চের সময় স্টার্ক বলেন, ‘গত সপ্তাহে আমরা নিজেদের সেরা অবস্থায় ছিলাম না। এবার টসে জিতে উইকেটটা আগে কাজে লাগানোর সুযোগ পেয়েছি। কুইন্সল্যান্ডের ছেলেরা বলেছিল, এটি অনেকটা গ্যাবার মতো। প্রথম সেশনে ছয় উইকেট নেওয়ার পর খুব বেশি অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই।’
ডারউনে বাংলাদেশের ব্যাটাররা অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে ধৈর্য দেখিয়েছিলেন। ম্যাকেতে তাই লেংথ বদলে আরও আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা ছিল স্বাগতিকদের।
স্টার্ক বলেন, ‘প্রথম টেস্টে ওরা খুব ধৈর্য ধরে দারুণ ব্যাট করেছে। তাই এবার বল একটু বেশি সামনে ফেলতে হয়েছে। সঙ্গে বাউন্সার কিছুটা বেশি ব্যবহার করা এবং ক্যাচগুলো ধরে রাখার পরিকল্পনা ছিল। এখন পর্যন্ত সেটি ভালোভাবেই কাজ করেছে। আশা করছি, লাঞ্চের পরও আমরা এটি ধরে রাখতে পারব।’
ম্যাকের উইকেটে এখনও কিছুটা সুইং থাকলেও সেটি ডারউনের প্রথম সকালের মতো নয় বলে জানিয়েছেন স্টার্ক। তবে রোদে উইকেট আরও শক্ত হওয়ার সঙ্গে গতি ও বাউন্স বাড়তে পারে বলে মনে করছেন তিনি।
স্টার্ক বলেন, ‘এখনও বল কিছুটা বাঁক নিচ্ছে। তবে ডারউনের প্রথম সেশনের মতো অতটা নয়। সকালে পায়ের নিচের অংশ কিছুটা ভেজা ছিল। আবহাওয়া সুন্দর থাকায় উইকেট আরও শক্ত ও দ্রুত হতে পারে। আশা করছি, আগে বাকি চার উইকেট নিতে পারব। এরপর এখানে ব্যাটারদের জন্য অনেক রান রয়েছে।’