চট্টগ্রাম নগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিরাজ, মো. মামুন, অপু দাস, মো. জামশেদ ও জাহিদ হাসান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "প্রবর্তক মোড় এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।"
পুলিশ জানায়, উদ্ধার করা ব্যানারে ‘১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শোক র্যালি’ লেখা ছিল। ব্যানারের নিচে লেখা ছিল ‘সৌজন্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ’।
ওসি আরও জানান, "এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মিছিলের প্রস্তুতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন যে, জামশেদের নেতৃত্বে এই মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এখন জামশেদকে কে বা কারা এই কর্মসূচির জন্য পাঠিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।