নেত্রকোনার আটপাড়ায় গরুর খাবারের জন্য কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওরফে নাঈম মিয়া (১৬) ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সকালে বাড়ির সামনের বিলে নৌকা নিয়ে কচুরিপানা তুলতে যান নাঈম। এ সময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে মারা যান। দীর্ঘ সময় গড়িয়ে গেলেও নাঈম বাড়ি না ফেরায় তার বাবা আলামিন মিয়া বিলে খুঁজতে যান। একপর্যায়ে বিলে নাঈমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। প্রতিবেশী কোরায়শী তালুকদার বলেন, "সকালে নৌকা নিয়ে বাড়ির সামনের বিলে কচুরিপানা আনতে গিয়েছিলেন নাঈম। বৃষ্টি ও বজ্রপাতের সময় তিনি বজ্রপাতে মারা যান। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা খুঁজতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।" আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, "খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।"