রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবন প্রাঙ্গণে প্রবেশ করে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামনের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে।
এই বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, কূটনীতিক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।